রেলস্টেশনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৯:১২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৯:১২:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রংপুরের পীরগাছা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পীরগাছা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ রনি (৩২), তিনি উপজেলার গুয়াবাড়ি গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবাশীষ বসাকের নেতৃত্বে পীরগাছা উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রির সময় হাতেনাতে রনিকে আটক করা হয়।

তল্লাশিকালে তার কাছ থেকে ১৪ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬০০ টাকা জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি স্টেশন এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রি করে আসছিলেন।

অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানে পীরগাছা থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। অভিযান শেষে সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অপরাধবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।

এ বিষয়ে ইউএনও দেবাশীষ বসাক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। পীরগাছাকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রেলস্টেশন বা আশপাশে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com