ভোলার ভেদুরিয়ায় নদী ভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১২:১৪:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১২:১৪:৫২ পূর্বাহ্ন

আশিকুর রহমান শান্ত 
ভোলা জেলা প্রতিনিধি 


ভোলার ভেদুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জাঙ্গালিয়া নদীর ভয়াবহ
ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী কয়েকশ পরিবার। ইতিপূর্বেই বিলীন হয়েছে ফসলি জমি ও বসতভিটা। বর্তমানে হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও কাওমি মাদ্রাসা এবং বড় একটি কবরস্থান। দ্রুত ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার দাবিতে আজ জুমার নামাজ শেষে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা।

বিশেষ করে টেকেরহাট এলাকার ৬৪ নং উত্তর চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তর দিকে কালিকাষ্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে চলছে নদী ভাঙ্গনের এই ভয়াবহ তাণ্ডব।

স্থানীয়দের অভিযোগ, ভাঙন বর্তমানে যে ভয়াবহ রূপ নিয়েছে তাতে যেকোনো সময় নদীগর্ভে হারিয়ে যেতে পারে উত্তর চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং ওই এলাকার সবচেয়ে বড় কবরস্থানটি। হুমকির মুখে রয়েছে প্রায় দেড় শতাধিক পরিবারের শেষ সম্বলটুকুও।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আজ জুমার নামাজ শেষে শত শত মুসল্লি নদীর তীরে জমায়েত হন। তাদের দাবি, দীর্ঘ প্রতিশ্রুতি নয়, বরং এখনই জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে এই মরণফাঁদ থেকে তাদের রক্ষা করা হোক।

স্থানীয়রা বলেন, আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, আমাদের ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান আর কবরস্থানগুলো রক্ষা করুন। দ্রুত জিও ব্যাগ না ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না।

বর্ষা মৌসুমের আগেই যদি এই ২ কিলোমিটার এলাকায় টেকসই বাঁধ বা জিও ব্যাগের মাধ্যমে ভাঙন ঠেকানো না যায়, তবে ভেদুরিয়ার এই জনপদ কেবলই স্মৃতি হয়ে থাকবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com