এনসিপিতে যোগ দিলেন ইসহাক, ফ্লোরা, রনি ও কাফি

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৬:৩৯:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৬:৩৯:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি- এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, জুলাই গণঅভ্যুত্থানের নেতা মহিউদ্দিন রনি ও বাংলাদেশ জনতা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাকসুদুর রহমান সোহেল।

শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তারা এনসিপিতে যোগদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদসহ শীর্ষ নেতারা তাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠান মঞ্চে ইসহাক সরকার, মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি ও মাকসুদুর রহমান সোহেল উপস্থিত থাকলেও ফেরসামিন হক ইকবাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

এদিন ইসহাক সরকার তার নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগ দেন। বিগত শেখ হাসিনার শাসনামলে তিন শতাধিক রাজনৈতিক মামলার আসামি হওয়া ইসহাক সরকার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন। বর্তমানে এই পদে থাকা এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ সরে দাঁড়াচ্ছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com