স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত মো. রাকিবুল ইসলামকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অপহরণের ২২ দিন পার হলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের আয়োজিত কর্মসূচিতে রাকিবুলের স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাকিবুলকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে জীবিত উদ্ধার এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
রাকিবুল ইসলাম গড়াডোবা ইউনিয়নের দেওপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে তার পরিবার এখন চরম আর্থিক ও মানসিক সংকটে রয়েছে বলে জানান স্বজনরা।
রাকিবুলের স্ত্রী সপ্না ইয়াসমিন বলেন, একটি মামলায় সাক্ষ্য দিতে গিয়ে তার স্বামী নিখোঁজ হন। ২২ দিন পার হলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
তার ভাই আশরাফুল ইসলাম বিদ্যা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার ভাইকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
নেত্রকোণা মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক আহমেদ সরকার বলেন, এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাকিবুলকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।