পারভেজ হাসান
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আয়োজন করা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা দুই দিন হওয়ার কথা থাকলেও তা শেষ হয়েছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে। সরকারি কর্মসূচিতে প্রশাসনের এমন নয় ছয় নিয়ে ব্যাপক সমালোচনা চলছে উপজেলা জুড়ে।
জানা গেছে, শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও গোলাম রব্বানী সরদারের সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কর্মসূচি অনুযায়ী পীরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলাটি শুরু হওয়ার কথা ছিল ১৭ এপ্রিল সকালে এবং শেষ হওয়ার কথা ছিল ১৮ এপ্রিল বিকালে। কিন্তু ১৭ এপ্রিল মেলা না করে ১৮ এপ্রিল শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেলা উদ্বোধন করা হয়।
সকালে মেলা শুরু হলেও অদৃশ্য কারণে দুপুরের পরেই তা শেষ হয়ে যায়। সরকারের এত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম উপজেলা প্রশাসন দায়সারা ভাবে আয়োজন করায় এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
অথচ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে সরকারিভাবে ১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু মেলা দুই দিনের পরিবর্তে মাত্র কয়েক ঘণ্টায় শেষ হয়ে যায়। ফলে মেলা উপলক্ষে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার করা হয়েছে কিনা এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা এবং উদ্ভাবনী প্রদর্শন মেলার আয়োজন খুব অল্প সময়ে শেষ করা হয়েছে। এবার মেলায় ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। স্বল্প সময়ে মেলা শেষ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন দেখার সুযোগ পাইনি।
গুরুত্বপূর্ণ এই মেলাটি আয়োজন শেষ করতে তড়িঘড়ি করায় মেলার মূল উদ্দেশ্য পূরণ হয়নি। বরাদ্দের টাকা আত্মসাৎ করার জন্য দায়সারাভাবে মেলা শেষ করে দেওয়া হয়েছে কিনা সেটা তদন্ত হওয়া উচিত বলেও মনে করেন শিক্ষকরা। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক পরিশ্রম করে নতুন কিছু তৈরি করে এনেছিলাম সবাইকে দেখানোর জন্য। কিন্তু মেলা শুরু হতে না হতেই শেষ হয়ে গেছে। সাধারণ মানুষকে দেখানোর সুযোগ পেয়েও দেখাতে পারলাম না।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার গোলাম রব্বানী সরদারের মতামত জানতে রবিবার সকালে তার কার্যালয়ে গেলে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও তাকে অফিসে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকার ফোন করা হলেও তিনি ফোনও রিসিভ করেননি। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের মতামত জানতে তার ব্যবহৃত মোবইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনিও ফোন রিসিভ করেননি।