জামালপুরে তিন মামলায় রায়: ৩ আসামির মৃত্যুদণ্ড

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৬:৫৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৬:৫৯:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জামালপুরে গৃহবধূ ধর্ষণসহ পৃথক তিনটি মামলায় নয়জন আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। এরমধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ মে রাতে শহরের হযরত শাহ জামাল (র.) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সদর থানায় বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু এবং রুকুকে আসামি করে মামলা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ১০ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু এবং রুকুকে একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ধারায় মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে বুলবুল আহমেদের বাড়ি শহরের বেলটিয়া খুপিবাড়ি এলাকায় এবং অপর দুইজনের বাড়ি পাথালিয়া নাওভাঙা এলাকায়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক আরো জানান, একই ট্রাইব্যুনাল ইসলামপুর উপজেলার পচাবহলা এলাকার এক নারীকে অপহরণের মামলায় আব্দুল হাই মণ্ডল, মো. আক্কেল ও নায়েব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করেছেন। এ ছাড়া বকশীগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলায় আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com