এসএসসি পরীক্ষায় ‘মানবিক নম্বর’ নিয়ে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৪:৩৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৪:৩৭:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ বছর পরীক্ষায় বাড়তি কোনো মানবিক নম্বর দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র, ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

শিক্ষামন্ত্রী এ সময় বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় সাইবার ক্রাইম সহ কেউ কোন ধরণের অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এবারের পরীক্ষার খাতা দেখার জন্য পরীক্ষক বাড়ানো হবে। খাতা দেখার বিষয়ে বিশেষ কোন নির্দেশনা দেওয়া হয়নি, তবে তা ‘লিবারেল ওয়েতে’ দেখতে হবে বলে জানান তিনি।

পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে কিনা-সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরাতো কোচিং সেন্টারের রেজিস্ট্রেশন দেই না, কোচিং সেন্টারের কোন তালিকাও আমাদের কাছে নেই।

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস না হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, এসব বিষয়ে আমি খুবই কেয়ারফুল ও সিরিয়াস। যারা ক্রাইম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, কোর্স শেষ করে প্রত্যেক পরীক্ষা যে সময়ে হয় সেই সময়েই হবে। কোর্স শেষ হলে পরীক্ষা হবে না কেন? মানুষ আগের পদ্ধতি পছন্দ করেনি। তবে এবছর ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি হবে কিনা-সে বিষয়টি স্পষ্ট করেননি মন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, এই মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে ২৪ ঘন্টাও থাকতে পারবে না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]