স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনে মেষির হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতু মিয়া ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে আলতু মিয়া গরুর জন্য ঘাস কাটতে হাওড়ে যান। কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। পরে স্থানীয়রা হাওড়ে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সেখানে তিনি মারা যান।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান জানান, বজ্রপাতে নিহতের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।