রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক:
বরিশালের আগৈলঝাড়ায় একটি সেতুর ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিন পরিদর্শনের পর সেতুর ঢালাই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে "সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি" শীর্ষক সংবাদ প্রকাশের পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিম বাজার খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পরিদর্শনে এ অভিযোগের সত্যতা পাওয়ায় সেতুটির ঢালাই ভেঙে নতুন করে সরকারি নিয়ম মেনে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রকৌশলীকে সরেজমিন পাঠানো হয়। তিনি ফিরে এসে অনিয়মের বিষয়টি নিশ্চিত করেছেন।
তার ভাষ্য, সেতুটির স্ট্রাকচার আগের অর্থবছরে নির্মিত হলেও এ বছর ঢালাইয়ের জন্য কোনো সরকারি বরাদ্দ বা অনুমোদন দেওয়া হয়নি। স্থানীয় এক ইউপি সদস্য নিজ উদ্যোগে কাজটি করেছেন।
প্রশাসনের দাবি, বাঁশ ব্যবহারের কারণে সেতুটি মজবুত হয়নি। তাই ঢালাই ভেঙে নতুন করে কাজ করা হবে।
পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ইউএনও।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢালাইয়ের সময় বাধা দিলে পরে কিছু রড এনে কাজ চালিয়ে নেওয়া হয়। এমনকি সিমেন্ট কম থাকায় এলাকাবাসীর কাছ থেকে সিমেন্ট জোগাড় করে কাজ শেষ করা হয়েছে।
এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। ###