স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে এ আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ক্রিকেটের এই সবুজ মাঠ থেকেই আগামীর নতুন তারকারা উঠে আসুক। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ক্রিকেট মাঠ শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও প্রতিকূল পরিস্থিতিতে দলকে সামনে থেকে এগিয়ে নেওয়ার শিক্ষা দেয়। এসব গুণাবলী ভবিষ্যতে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, নেত্রকোণার ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।