মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানকালে মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে হরিমঙ্গল-বাগড়া সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ফেলে পালিয়ে যায় এর চালক। পরে তল্লাশি চালিয়ে অটোরিকশা থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, পলাতক আসামি ছোটু মিয়া (৪৩), বাড়ি শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায়, এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।