জুয়ার টাকা না পেয়ে ১৩ তলা থেকে লাফ দিলো শিক্ষার্থী

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ১০:০১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ১০:০১:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কলাবাগানে জুয়া খেলার টাকা না পেয়ে ১৩ তলা থেকে লাফিয়ে পড়েন এক কলেজ শিক্ষার্থী। রোববার দিবাগত রাতে কলাবাগানের ‘ইস্টার্ন পান্থছায়া’ নামক বহুতল ভবনে এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওই শিক্ষার্থীর নাম মো. ফয়সাল মাহমুদ (২১)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফয়সাল অনলাইনে বিভিন্ন ধরনের জুয়ায় মারাত্মকভাবে আসক্ত ছিলেন। তিনি নেশায় বুঁদ হয়ে থাকতেন। জুয়া ও নেশার টাকা জোগাতে প্রতিদিন মায়ের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা নিতেন। এ জন্য প্রায়ই সময় বাসায় ভাঙচুর করতেন ওই তরুণ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত শনিবার রাতে টাকার জন্য মায়ের সাথে ফয়সালের বাকবিতণ্ডা হয়। রোববার রাত ৯টার দিকে তিনি চরম উত্তেজিত হয়ে মাকে ঘরে আটকে রাখেন। তার মা আয়েশা হক জীবন বাঁচাতে ভবন মালিক সমিতির সদস্যদের সাহায্য চান। প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এসময় ফয়সাল বাসার গ্রিল খুলে ১৩ তলা থেকে লাফিয়ে পড়েন। পরে পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের জুয়ার আসক্তি ও মানসিক অস্থিরতা থেকেই ফয়সাল এই পথ বেছে নিয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার মৃত ডা. এ কে এম মাহমুদুল হকের ছেলে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]