একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান Dhaka Residential Model College Islamic Cultural Club কর্তৃক আয়োজিত “3rd DRMC National Islamic Cultural Festival & Book Fair 2026”-এ কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাটের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আসিফ ইসলাম। তার এই সাফল্যে বিশেষভাবে গর্বিত কালীগঞ্জ উপজেলার কাকিনাস্থ হাজী রেফাজউদ্দীন মোল্লা হাফেজী মাদ্রাসা ও ইতিমখানা।
প্রতিযোগিতার Qur’an Recitation (Second Senior Category) বিভাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ৩ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হন। চূড়ান্ত পর্বে সুমধুর কণ্ঠ ও শুদ্ধ তাজবীদের তেলাওয়াতে সকলকে মুগ্ধ করে প্রথম স্থান অর্জন করেন আসিফ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামিক স্কলার ড.মিজানুর রহমান আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও হুইপ নুরুদ্দিন ইসলাম অপু। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিজয়ী শিক্ষার্থী মোহাম্মদ আসিফ ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ডাকঘরের রুদ্রেশ্বর গ্রামের বাসিন্দা এবং মোঃ ওমর ফারুকের পুত্র। তিনি বর্তমানে হাজী রেফাজউদ্দীন মোল্লা হাফেজী মাদ্রাসা ও ইয়াতিমখানায় অধ্যয়নরত, যেখানে তিনি ইতোমধ্যে ১৫ পারা কুরআন হিফজ সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি বাবুর আলী পাবলিক উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, এই অর্জন শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; বরং হাজী রেফাজউদ্দীন মোল্লা হাফেজী মাদ্রাসার মানসম্মত ধর্মীয় শিক্ষার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিষ্ঠানটির শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, সুশৃঙ্খল পরিবেশ এবং কুরআন শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার ফলেই এমন কৃতিত্ব সম্ভব হয়েছে।
এই অর্জনে পুরো এলাকা জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থী এ ধরনের সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।