কক্সবাজারে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০১:২৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০১:২৫:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন এলাকা থেকে মাথা ও হাতের কবজিবিহীন এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার বিকেল চারটার দিকে ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়াবাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র মতে, বিকেলে স্থানীয় বাসিন্দারা পুকুরপাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম সাদিয়া আক্তার মুন্নি (২৮)। তিনি মহেশখালী উপজেলার জাগিরা ঘোনা এলাকার আমানউল্লাহ ও হাসিনা বেগমের মেয়ে। তাঁর স্বামীর নাম সাইফুর রহমান।

স্থানীয়দের দাবি, গত রমজান মাসের মাঝামাঝি সময়ে সাদিয়া আক্তার মুন্নি ও তাঁর স্বামী সাইফুর রহমান দক্ষিণ জানারঘোনা এলাকার আয়ুব নামের এক ব্যক্তির বাড়িতে বাসা ভাড়া নেন। কিন্তু গেলো প্রায় ১৫ দিন ধরে তাদের কাউকে এলাকায় দেখা যাচ্ছিল না। সাইফুল নিজেকে গাড়িচালক হিসেবে পরিচয় দিতেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

তিনি জানান, মরদেহটি কম্বলে মোড়ানো ছিল। এটি অর্ধগলিত এবং মাথা ও হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। বিষয়টি অত্যন্ত রহস্যজনক। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ওসি বলেন, এখনো নিহত নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]