বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৯:৪২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৯:৪২:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
হাইকোর্টের রায় অনুযায়ী অবসরভাতা ও কল্যাণ ভাতা প্রদানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করেছেন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

শনিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন সময় দুঃখ-কষ্ট ও দুর্দশার মধ্যে কাটে। অবসর গ্রহণের ৩-৪ বছর পরে অবসর ভাতা ও কল্যাণ ভাতার অর্থ না পেয়ে অনেক শিক্ষক-কর্মচারীর মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে।

অবসরপ্রাপ্ত শিক্ষকরা আরো বলেন, চাকরিরত অবস্থায় শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ ভাগ টাকা কেটে রাখা হয়। কিন্তু অবসর গ্রহণের পর সেই টাকা গত ৭ বছর ধরে দেওয়া বন্ধ রয়েছে। এতে অবসর নেওয়া শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।

মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক, অধ্যক্ষ মো. মিজানুর রহমান সেলিম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহে আলম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক বিন ওয়াহিদ প্রমুখ।

মানববন্ধন শেষে নগরীতে মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]