প্রবাসী শামসুল করিমের লাশ ১৮ দিন পর দেশে, শোকস্তব্ধ পরিবার

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৫:৩১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৫:৩১:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ফেনীর পরশুরাম উপজেলার প্রবাসী শামসুল করিমের লাশ মৃত্যুর ১৮ দিন পর দেশে ফিরেছে। জীবনের স্বপ্ন পূরণের আশায় সৌদি আরবে পাড়ি জমালেও শেষ পর্যন্ত কফিনবন্দী হয়ে ফিরে আসতে হলো তাকে।

শুক্রবার দিবাগত রাতে সৌদি আরব থেকে একটি ফ্লাইটে তার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরিবারের সদস্যরা সেখানে কফিন গ্রহণ করেন। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দীর্ঘ প্রক্রিয়া শেষে লাশ দেশে আনা সম্ভব হয়।

শামসুল করিম পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত মনু মিয়ার দ্বিতীয় ছেলে। ২০১৪ সালে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে তিনি সৌদি আরবে যান। সেখানে তায়েফের একটি খামারে কর্মরত ছিলেন।

গত ২২ মার্চ কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

ব্যক্তিগত জীবনে শামসুল করিম ২০১২ সালে মির্জানগর ইউনিয়নের সত্যনগর গ্রামের রিনা আক্তারকে বিয়ে করেন। তাদের দুই ছেলে—মোহাম্মদ আরিফ (১৪) ও মোঃ আরাফাত (৬)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও সন্তানদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। গ্রামের কবরস্থানে শামসুল করিমকে দাফন করা হয়েছে।

শামসুলের সম্বন্ধী শফিকুর রহমান জানান, দূতাবাসের সহযোগিতায় তার লাশ দেশে আনা হয়েছে এবং নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]