​মাধবপুরে বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০১:৩৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০১:৩৬:৫৭ অপরাহ্ন

অজিত দাস, মাধবপুর উপজেলা প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা, জিরা ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ৭ মিনিটে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। শুক্রবার গভীর রাতে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকের মুরগির খাদ্যের বস্তার নিচে অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।



এছাড়া, একই দিনে বিকাল ৩টার দিকে একই এলাকায় আরেকটি ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যা পাচারের জন্য আনা হয়েছিল বলে জানায় বিজিবি।

অন্যদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির একটি টহলদল সকাল ১০টার দিকে সীমান্তবর্তী জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করে।

জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানানো হয়েছে। এসব মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]