জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জবিতে ছাত্রশক্তির মানববন্ধন

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৬:৪৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৬:৪৫:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয় ছাত্রশক্তি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচি আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে সমালোচনা করেন। তারা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস শেখ বলেন, বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্ক পারস্পরিক সম্মান ও ন্যায়ের ভিত্তিতে হওয়া উচিত। কোনো দেশের সঙ্গে সম্পর্ক যেন নির্ভরশীলতার জায়গায় না গিয়ে সমতার ভিত্তিতে গড়ে ওঠে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সদস্য সচিব শাহিন মিয়া বলেন, অতীতের আন্দোলনের দাবিগুলো থেকে সরে আসা এবং জনগণের প্রত্যাশা উপেক্ষা করা কোনো রাজনৈতিক দলের জন্য শুভ নয়। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে জনগণের ত্যাগকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না এবং এতে জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।

শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, রাজনৈতিক দলগুলোকে তাদের পূর্বের প্রতিশ্রুতি ও আন্দোলনের চেতনা স্মরণ রাখা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, সংবিধান সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে যথাযথ উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে যে প্রশ্ন উঠছে, তা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা ও সংশ্লিষ্ট আইন সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।

মানববন্ধনে বক্তারা জুলাই সনদ ও গণভোটের জনরায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]