স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের প্রধান বাজারে তীব্র যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এক অটোরিকশা চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় ঘটনাস্থলে উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন। অফিস থেকে বের হওয়ার সময় বাজার এলাকায় যানজটের মুখোমুখি হলে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন।
অভিযানকালে দেখা যায়, বাজার সড়কের দুই পাশে এলোমেলোভাবে যানবাহন পার্কিং করা হয়েছে এবং কিছু যানবাহন উল্টো পথে চলাচল করছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় উল্টো পথে অটোরিকশা চালানোর দায়ে এক চালককে জরিমানা করা হয়।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত পার্কিং ও ট্রাফিক আইন না মানার কারণে বাজার এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে। তিনি ট্রাফিক আইন মেনে চলতে চালক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।