স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইজকান্দি গ্রামের ইউপি সদস্য মোঃ বকুল মেম্বারের বড় ভাই কৃষক মোঃ আবুল মিয়ার গোয়ালঘর থেকে রাতের কোনো এক সময় চোরেরা ৫টি গরু নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর ফাঁকা দেখে পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়েন। পরে তারা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাননি।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে ৩টি ষাঁড় ও ২টি গাভী। ষাঁড়গুলোর রং সাদা, লাল ও কালো এবং গাভী দুটির রং লাল ও মাটিয়া। এসব গরুর আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা।
এ ঘটনায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তাদের দাবি, গরুগুলোই ছিল পরিবারের প্রধান আয়ের উৎস। হঠাৎ এমন ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, এলাকায় সম্প্রতি চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা যায়।