অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে শতকোটি টাকার বাঁধ

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১২:১৩:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১২:১৩:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একটি খেলার মাঠ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টায় হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন মিজির ছেলে আব্দুল কাদের(২২), পিরোজপুরের নেছারাবাদ থানার স্বরুপকাঠি এলাকার নুরুল আমিনের ছেলে আইয়ুব আলী (২০), একই জেলার নাজিরপুর উপজেলার মধ্য কলারদোয়ানীয়া এলাকার মোস্তফার ছেলে আমান উল্যাহ (১৯), ওই উপজেলার কলারদোয়ানিয়া এলাকার আবু হানিফ ছেলে শফিকুল ইসলাম (২৩), শরীয়তপুরের গোসাইরহাটের কেরহাটি এলাকার শহিদুল আখনের ছেলে মোর শালিন (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীনগর এলাকায় মেঘনার তীরে জেগে ওঠা বালিচরে স্থানীয় শিশু-কিশোররা নিয়মিত খেলাধুলা করত। গত সোমবার (৬ এপ্রিল) বিকেলেও সেখানে ফুটবল খেলার আসর বসেছিল। কিন্তু মঙ্গলবার সকালে এলাকাবাসী দেখতে পান, রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় মাঠের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। সেখানে এখন শুধু থই থই পানি।

স্থানীয় বাসিন্দা দুলু মুন্সি ও রাকিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ​কাল বিকেলে এখানে ছেলেরা ফুটবল খেলল, আর সকালে এসে দেখি মাঠটাই নেই। ড্রেজার দিয়ে সব বালু নিয়ে গেছে। এই বালু উত্তোলনের ফলে নদী রক্ষা বাঁধটি এখন চরম ঝুঁকিতে। বাঁধ ভেঙে গেলে আমাদের ঘরবাড়ি সব নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

​হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক বলেন, যারা এই বালু উত্তোলন করে নদী রক্ষা বাঁধকে ঝুঁকির মুখে ফেলেছে, তারা যে দলেরই হোক, তাদের কঠোর বিচার করতে হবে। এদের বিচার না হলে অচিরেই হাইমচর নদীগর্ভে হারিয়ে যাবে।

​হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

​হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি ‘এমবি মিম এন্টারপ্রাইজ’ নামক একটি বাল্কহেড এবং ‘মা-বাবার দোয়া’ নামে একটি আনলোডিং জাহাজ জব্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

​চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্টকে থাকা ব্লক ব্যবহার করে প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]