কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
কাউখালীতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৫/২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপসহকারী কৃষি অফিসার বৃন্দ। উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩ হাজার কৃষক প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি (DAP) এবং ১০ কেজি এমওপি (MOP) সার প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,
বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে সময়মতো চাষাবাদ শুরু করতে পারেন এবং উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়, সেজন্যই এই প্রণোদনা। আমরা চাই কাউখালীর এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের হাতে এই প্রণোদনা পৌঁছে দেওয়া হবে।
বিনামূল্যে সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, বর্তমান বাজারে সার ও বীজের দাম বাড়তির দিকে থাকায় সরকারের এই সহযোগিতা তাদের চাষাবাদের খরচ কমাতে বড় ভূমিকা রাখবে।