এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে হঠাৎই দেখা মেলে বিরল প্রজাতির এক দৃষ্টিনন্দন ‘কালনাগিনী’ সাপের। এতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে কোয়ার্টারের বাসিন্দা শ্রাবণ পালের ঘরের ভেন্টিলেটরে সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দারাও ভীত হয়ে পড়েন।
পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমীম বিষয়টি জানতে পেরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবকে অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দক্ষতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন।
উদ্ধারকারী দল জানায়, সাপটি ‘কালনাগিনী’ নামে পরিচিত, যা উড়ন্ত সাপ বা সুন্দরী সাপ হিসেবেও পরিচিত। সবুজাভ-হলুদ দেহে লাল ও কালো ডোরাকাটা দাগে এটি দেখতে অত্যন্ত আকর্ষণীয়।
এ ধরনের সাপ সাধারণত ২ থেকে ৪.৫ ফুট লম্বা হয়, গাছে চলাচলে পারদর্শী এবং হালকা বিষধর হলেও মানুষের জন্য ক্ষতিকর নয়। এটি কলুব্রিড প্রজাতির অন্তর্ভুক্ত, যা সাধারণত নিরাপদ হিসেবে বিবেচিত।
উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও সচেতন মহল বলছে, এমন সাপ দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।