আশিকুর রহমান শান্ত,
ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণ করেছে হাসপাতালে থাকা এক দালাল। এ ঘটনায় একটি সরকারি ক্লিনিকের প্রতিনিধি দালাল আরিফ কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরিফ ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে কৌশলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ও অন্যান্য রোগীর স্বজনরা আরিফকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান গণমাধ্যমকে বলেন, হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।