পরিবেশ বিধ্বংসী অবৈধ সীসা কারখানা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৭:০৪:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৭:০৪:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরের ভেদরগঞ্জে পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের অভিযোগে অবৈধভাবে গড়ে ওঠা একটি সীসা উৎপাদনকারী কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে.এম রাফসান রাব্বি। এ সময় পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে তা পুড়িয়ে সীসা উৎপাদন করছিল। উৎপাদিত সীসা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো। তবে পুরো কার্যক্রমই চলছিল সম্পূর্ণ অবৈধভাবে এবং কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই।

স্থানীয়দের অভিযোগ, কারখানাটি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে। এর ফলে গবাদিপশু অসুস্থ হয়ে পড়া এবং মৃত্যুর ঘটনাও ঘটে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

এর আগে প্রশাসন একই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও কারাদণ্ড প্রদানসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা তা অমান্য করে রাতের আঁধারে পুনরায় উৎপাদন চালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি নজরে এলে মঙ্গলবার আবারও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এক্সাভেটরের মাধ্যমে পুরো কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে সেখানে আর কোনো ধরনের কার্যক্রম চালানো না যায়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, সীসা দূষণ জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণিসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে.এম রাফসান রাব্বি বলেন, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেআইনি। তাই আইনানুগ ব্যবস্থা হিসেবে কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রশাসনের এ পদক্ষেপে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। তারা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]