ওসমান হাদির কবর জিয়ারতে বায়তুশ শরফের পীর আব্দুল হাই নদভী

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৬:৫৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৬:৫৭:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আধিপত্যবাদবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বায়তুশ শরফ দরবার শরীফের পীর শাহসূফী আল্লামা আব্দুল হাই নদভী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। তারা শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।

জিয়ারত শেষে তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও মোনাজাতে অংশ নেন। এ সময় দেশের শান্তি, ন্যায়বিচার এবং নিপীড়নমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

আব্দুল হাই নদভী বলেন, শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারতের সুযোগ পেয়ে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ।

তিনি জানান, বায়তুশ শরফ বাংলাদেশে একটি নিবন্ধিত আধ্যাত্মিক ও সমাজসেবামূলক সংগঠন। এটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত। সংগঠনটির পূর্বসূরিরা ইসলামের দাওয়াত, মানবসেবা ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বায়তুশ শরফ দরবারের পীর শাহসূফী আল্লামা আব্দুল হাই নদভী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন।

তিনি বলেন, আল্লামা আবদুল জব্বার (রহ.)-এর হাত ধরে প্রতিষ্ঠিত বায়তুশ শরফ দরবার শরীফ দীর্ঘদিন ধরে দেশে ইসলামের প্রচার, মানবসেবা ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা, বাগেরহাট ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম বিস্তৃত।

তিনি আরও বলেন, বায়তুশ শরফ দরবার কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়; এটি একটি সমাজমুখী ও দূরদর্শী সংগঠন, যা মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ভবিষ্যতেও এ প্রতিষ্ঠান দ্বীনি দাওয়াত ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]