​মিঠাপুকুরে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ইউপি সচিবের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১৩:১৪ অপরাহ্ন

রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১২নং মিলনপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. রাশেদুজ্জামানের বিরুদ্ধে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে পরিষদের ব্যাংক হিসাব থেকে ৬ লক্ষাধিক টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, মিলনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আতিয়ার রহমানের অজান্তেই পরিষদের সঞ্চয়ী হিসাব (নম্বর- ৫০১৬১০০০২৯২৩৬) থেকে গত ১৫ মার্চ, ২০২৬ তারিখে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করা হয়। অভিযোগ রয়েছে যে, পরিষদের সচিব মো. রাশেদুজ্জামান তার হেফাজতে থাকা চেক বইয়ের একটি পাতা (নম্বর- ১৫৫০১৬৭১১৯৭৩৫) ব্যবহার করে চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করেন। পরবর্তীতে তিনি সোনালী ব্যাংকের স্থানীয় শাখা থেকে ৬ লাখ ১৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর অভিযুক্ত সচিব ও তার সহযোগীরা ব্যাংকের নিচতলায় টাকা ভাগাভাগি বা আলাপচারিতা করার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরবর্তীতে লোকমুখে সংবাদ শুনে চেয়ারম্যান দ্রুত ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট সংগ্রহ করেন এবং স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত হন। অভিযুক্ত সচিব মো. রাশেদুজ্জামান রংপুর মহানগরীর তাজহাট থানার সর্দারপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইউপি সচিব মো. রাশেদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিভিন্ন সময়ে নানাবিধ অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে এই ইউপি- সচিব একাধিকবার সমালোচনায় এসেছেন।

​মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ বলেন, "অভিযোগটি আমাদের জানানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

​এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি এই অর্থ উদ্ধার এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ছবিতে অভিযুক্ত ইউপি সচিব মোঃ রাশেদুজ্জামান

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]