নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৩:৪৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৩:৪৪:০৯ অপরাহ্ন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: দেশের সাংস্কৃতিক স্থবিরতা কাটিয়ে চিন্তা-চেতনায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ‘সংস্কৃতির মনস্তাত্ত্বিক বিপ্লব’ শুরুর ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, সংস্কৃতির স্থবিরতা কাটাতে চিন্তা, চেতনা ও মননের গভীরে পরিবর্তন আনতে হবে, আর এ লক্ষ্যেই নেওয়া হবে একটি অনুকরণীয় সাংস্কৃতিক মডেল। যদি সঠিকভাবে এটি বাস্তবায়ন করা যায়, তাহলে এটি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি বড় ছাপ ফেলবে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশের সংস্কৃতি নানা কারণে স্থবির হয়ে পড়েছে, যা থেকে উত্তরণে প্রয়োজন একটি গভীর মানসিক ও বুদ্ধিবৃত্তিক রূপান্তর। তিনি উল্লেখ করেন, পরিকল্পিত সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে শুধু অনুষ্ঠাননির্ভর কার্যক্রম নয়, বরং দীর্ঘমেয়াদি একটি কাঠামো গড়ে তোলা হবে, যা দেশের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। ত্রিশাল ও ময়মনসিংহকে পাইলট প্রকল্প হিসেবে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এখান থেকেই একটি কার্যকর মডেল তৈরি করা হবে, যা পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশে বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলা থেকে তাদের নিজস্ব সাংস্কৃতিক সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতার একটি লিখিত প্রোফাইল জমা দিতে বলা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে শিগগিরই একটি জাতীয় পর্যায়ের কর্মশালা আয়োজন করা হবে, যেখানে একটি টেকসই ও কার্যকর সাংস্কৃতিক মডেল প্রণয়ন করা হবে। তিনি আরও বলেন, সংস্কৃতির বিকাশ কোনো সাধারণ বিষয় নয়; এটি জাতির চিন্তা-চেতনা, মূল্যবোধ ও সৃজনশীলতার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতা রয়েছে এবং এটি একটি দীর্ঘমেয়াদি বুদ্ধিবৃত্তিক বিনিয়োগ হিসেবেই দেখা হচ্ছে। নজরুল জন্মজয়ন্তী উদযাপন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ত্রিশালের আয়োজন যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে; বরং জাতীয় কবির জীবন, সংগ্রাম ও চেতনার প্রতিফলন ঘটাতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ও সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী এবং সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। এছাড়াও সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রী ও অন্যান্য অতিথিরা ত্রিশালে অবস্থিত নজরুলের বাল্য বিদ্যাপীঠ নজরুল একাডেমি, তার স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান এবং জন্মজয়ন্তীর বিভিন্ন আয়োজনস্থল পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]