মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ :
হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, দিরাই উপজেলা আহ্বায়ক কমিটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ এপ্রিল) সকাল ১০.৩০ ঘটিকায় দিরাই উপজেলার থানা পয়েন্টের সামনে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের দিরাই উপজেলা কমিটির আহ্বায়ক মোস্তাহার হোসেন মোস্তাক এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দিরাই উপজেলার সদস্য সচিব উবায়দুল হক।
বক্তব্য রাখেন বরাম হাওরের কৃষক তোফায়েল, চাপতির হাওরের মির্জা হোসেন, তাড়ল টাংগুয়ার হাওরের কৃষক ফরিদ মিয়া, আব্দুস সালাম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দীন, বাঁধ বিষয়ক সম্পাদক মহসিন আলম ।
উপজেলা কমিটির মধ্যে বক্তব্য রাখেন
যুগ্ম আহ্বায়ক মামুন আহমদ, সদস্য আব্দুল্লা রাজি, ওয়াসিম কবির, নুর আলী, কৃষক নেতা এমদাদ সরদার, কাজী নূরুল আজিজ প্রমূখ।
বক্তারা বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে কাজ করছে।
তারা আরও জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখিনি।
পাশাপাশি বক্তারা বলেন অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে, এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।