হাজারীবাগের বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৪:০২:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৪:০২:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি সাবলেট ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষাক্ত দ্রব্য পান করে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন। তিনি রাজধানীর হাজারীবাগ এলাকায় মনেশ্বর রোডের একটি বাসায় সাবলেট হিসেবে বসবাস করতেন।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত নয়টার পর নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন সীমান্ত। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তার রুমমেট বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিক এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

তার সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছারপোকা মারার ওষুধ পান করেছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]