রাহাদ সুমন,বরিশাল:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত নিজাম হাওলাদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকা থেকে ডাকাত নিজামকে গ্রেপ্তার করা হয়।
বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানার নির্দেশে, এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত নিজাম হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।পুলিশ জানায়, তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ১৬টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতারের পর তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়।