এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। একসাথে তিন শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো—ফটিকগুলি গ্রামের সাহেব আলীর ছেলে লাবিব আহমদ (৭), আশিক আলীর ছেলে ইমাদ আলী (১০) এবং সিপার মিয়ার ছেলে জিসান আহমদ (১২)। তাদের মধ্যে লাবিব ও ইমাদ চাচাতো ভাই।
জানা যায়, বুধবার কালবৈশাখী ঝড়ের পর দুপুরের দিকে তিন শিশু বাড়ির কাছাকাছি একটি কৃষিজমির ডোবায় খেলতে যায়। সম্প্রতি ওই জমি থেকে মাটি বিক্রি করার কারণে সেখানে বড় একটি গর্ত সৃষ্টি হয়, যা বৃষ্টির পানিতে ভরে যায়। সাঁতার না জানা অবস্থায় তিনজনই পানিতে নেমে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রবিরবাজারে ডা. মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেলে সেখানে শোকাহত মানুষের ঢল নামে।
নিহত লাবিব ফটিকগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র, ইমাদ রহমদাবাদ ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং জিসান বুধপাশা মাদ্রাসাতুল আর রহমানিয়া মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছিল।
কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ জানান, জমির মালিক মাটি বিক্রি করায় বড় গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির পানিতে তা ভরে গেলে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, ঘটনাটি তদন্তে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।