গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
চারদিন ধরে গাড়িতে তেল না নিতে পেরে আজ ( বুধবার) সন্ধ্যায় মোটরসাইকেলের ট্যাংকি খুলে লাইনে দাড়ালেন ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভার মো.শাহিন। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌর এলাকার লিটনের তেলের দোকানে।
বুধবার সন্ধ্যায় লিটনের তেলের দোকানে পেট্রোল নেয়ার জন্য দুই শতাধিক মোটরসাইকেল লাইনে দাঁড়ায়। এসময় শাহিন নামের এক মোটরসাইকেল ড্রাইভার গাড়ির ট্যাঙ্কি খুলে তেল নিতে লাইনে দাঁড়ায়। ব্যতিক্রমধর্মী খোলা ট্যাংকি নিয়ে শাহিনকে লাইনে দাঁড়িয়ে থাকাটা সবাইকে হতবাক করে দিয়েছে।
গলাচিপায় মোটরসাইকেলের ট্যাংকি খুলে তেল নিতে আসলেন ভাড়ায় হোন্ডা চালানো ড্রাইভার মো. শাহিন। শাহিনের বাড়ি উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামধ্বন গ্রামে। ট্যাঙ্কিতে তেল নেওয়ার পর আবেগ আপ্লুত হয়ে পড়ে শাহিন।
ট্যাংকি নিয়ে তেল নিতে আসার কারণ জানতে চাইলে শাহিন বলেন, আমি গত ৩-৪দিন পর্যন্ত বাড়িতে বসা। আমি মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করি।মোটরসাইকেলে তেল না থাকার কারণে আমি গত কয়েকদিন গলাচিপা আসতেও পারি নাই আর তেল ও নিতে পারি নাই। এভাবে বসে থাকলে তো আর সংসার চলবে না। তাই আজকে হোন্ডার ট্যাংকি খুলে নিয়ে আসছি। গত ৪দিন আগে আমি গলাচিপা কলেজ পাড়ায় তেলের জন্য সিরিয়ালে দাঁড়াই কিন্তু আমার সিরিয়াল পড়ে ১৭৫ জনের পরে যার কারণে রাত ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে বাড়িতে চলে যাই।