কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ১২:৪৪:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ১২:৪৪:১৫ পূর্বাহ্ন
 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
 
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোঃ রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য মোঃ শামিম (১৫) ও সাকিল (১৪)কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। র‍্যাব-৭ চট্টগ্রাম এর সহযোগিতায় চট্টগ্রাম বন্দর থানার চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তারকৃতদের মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয় এবং বুধবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত তাদের জামিন না মঞ্জুর করে পিরোজপুর জেলহাজতে প্রেরণের আদেশ দেয়। গ্রেফতারকৃতদের মধ্যে শামিম উপজেলার কচুবাড়িয়া এলাকার সেরাজ মিয়ার ছেলে এবং সাকিল একই এলাকার জসিম খানের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের রাতে কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা ও এক সন্তানের জনক রফিকুল ইসলামের বাড়ির সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে রফিকুলের আড়াই বছরের সন্তান ভয়ে চিৎকার শুরু করলে তিনি ঘর থেকে বের হয়ে প্রতিবাদ জানান। এ সময় ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মার্চ তিনি মারা যান।
 
এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার ২৬ মার্চ মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
 
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]