​মুক্তিপণ দিয়ে ফিরেছেন নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার কৃষক মিন্টু

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০৪:২৫:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০৪:২৫:২২ অপরাহ্ন


হেলাল উদ্দীন (মিঞাজী)  নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অপহরণের শিকার হওয়ার দুই দিন পর ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরেছেন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়া গ্রামের কৃষক রিদুয়ানুল করিম মিন্টু (৩৮)।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে তিনি বাড়িতে ফেরেন। এর আগে গত রোববার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লতাবনিয়া উঠুনি এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে অপহরণ করে।

জানা যায়, মিন্টু নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী লংগদুরমুখ এলাকায় তামাক ও সবজি চাষ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি অপহরণকারীদের কবলে পড়েন।

বাড়িতে ফিরে বুধবার (১ এপ্রিল) সকালে এ প্রতিবেদককে মিন্টু জানান, ৫ জন বাঙালি ও ৪ জন উপজাতি অস্ত্রধারী তাকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে শিকল দিয়ে বেঁধে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। অপহরণের পর তার পরিবারের কাছে প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে দরকষাকষির মাধ্যমে ৮ লাখ টাকায় সমঝোতা হলে পরিবারের পক্ষ থেকে সেই টাকা পরিশোধ করা হয়। অপহরণকারীদের দেওয়া নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তার বোনের স্বামী ছুরুত আলম আত্মীয়-স্বজনের সহায়তা এবং স্বর্ণালংকার বিক্রি করে মুক্তিপণের টাকা জোগাড় করেন। টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়।

মিন্টু দাবি করেন, অপহরণকারীদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অপহৃত মিন্টুর মামাতো বোন ও স্থানীয় ইউপি সদস্যা কামরুন্নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল বাতেন মৃধা বলেন অভিযোগ দিলে অপহরণ কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]