​মিঠাপুকুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও গাছ কর্তন, নারীসহ আহত ৬

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৫৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৫৫:০৭ অপরাহ্ন

​রংপুর প্রতিনিধি:

​রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়িতে হামলা, গাছ কর্তন ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত ২৫ মার্চ থেকে ২৯ মার্চের মধ্যে কয়েক দফায় চালানো এই হামলায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

ভুক্তভোগী মোঃ মাহাফুজার রহমান (৬১) জানান, মালতলা ভবানীপুর মৌজায় তার পৈত্রিক ও ক্রয়কৃত জমি নিয়ে প্রতিবেশী মোঃ আবুল কালাম আজাদ মিয়ার ছেলেদের সাথে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, রংপুর-এ একটি মামলা (এমআর নং-১৩৯১/২৫) চলমান রয়েছে। আদালত উক্ত জমিতে ১৪৪/১৪৫ ধারায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও বিবাদীরা তা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ২৫ ফেব্রুয়ারি থেকে দফায় দফায় হামলা শুরু করে।

​সবশেষ গত (২৮ মার্চ) সন্ধ্যায় এবং ২৯ মার্চ সকালে অভিযুক্ত মোঃ সুমন মিয়া (২৫), মোঃ রুম্মান মিয়া (২৮) ও হাবিব মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র লোক মাহাফুজার রহমানের জমিতে প্রবেশ করে প্রায় ২৭টি মূল্যবান মেহগনি, সুপারি ও আম গাছ কেটে ফেলে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এসময় জমি দখল ও গাছ কর্তনে বাধাঁ দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে মাহাফুজার রহমান এবং তার দুই ভাই মশিয়ার ও মোখলেছার রহমানকে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করেন। তাদের বাঁচাতে গিয়ে মারজানা বেগম ও শ্যামলি বেগম নামে দুই নারীকে পিটিয়ে আহত করা হয় । বর্তমানে আহতরা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, "আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। আদালতের নির্দেশ অমান্য করে হামলা ও গাছ কাটার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]