কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে গ্রামীণ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি রবিবার (২৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ২৩নং কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার সকাল দশটায় মিড ডে মিল উদ্ধোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ কর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে উপজেলার প্রায় ৫ হাজার শিশু শিক্ষার্থী প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টির নিশ্চয়তা পাবে।
বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা, উপস্থিতির হার বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে শিশুদের মনোযোগ বাড়াতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সপ্তাহে ৫ দিন শিক্ষার্থীদের এই খাবার প্রদান করা হবে। পুষ্টিমান নিশ্চিত করতে খাদ্যতালিকায় থাকছে
ফর্টিফাইড বিস্কুট, সেদ্ধ ডিম ও কলা বা মৌসুমি ফল,
বনরুটি এবং ২০০ মিলি ইউএইচটি দুধ ।
কাউখালী উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় উপজেলার ৬৭টি স্কুলের সকল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপকে অভিভাবক ও শিক্ষকরা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দুপুরের খাবারের দুশ্চিন্তা দূর হওয়ায় দরিদ্র পরিবারের শিশুরা নিয়মিত বিদ্যালয়ে আসতে আরও উৎসাহিত হবে।