​রুয়েটে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১২:১২:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:১২:০৫ পূর্বাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। 
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মুশরাকুল আলম ফারহাদ। তিনি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস চলার সময় হঠাৎ ফ্যানের পাখা খুলে তাঁর ঘাড়ের ওপর পড়ে। পরে শ্রেণিশিক্ষকের সহায়তায় তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা ক্যাম্পাসের শ্রেণিকক্ষসহ বিভিন্ন স্থাপনার নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় দুই মাস ছুটির পর ক্লাস শুরু হলেও এ সময়ে শ্রেণিকক্ষের সরঞ্জামাদির যথাযথ তদারকি করা হয়নি। তাদের ধারণা, ফ্যানের নাট-বল্টুতে মরিচা ধরার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

তবে অভিযোগ অস্বীকার করে ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. আনোয়ার হোসাইন বলেন, নিয়মিতভাবেই শ্রেণিকক্ষের সরঞ্জামাদি পর্যবেক্ষণ করা হয় এবং ফ্যানগুলোও সম্প্রতি স্থাপন করা হয়েছে। তিনি জানান, সম্ভবত নাট-বল্টুর কোনো ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সব কক্ষ পুনরায় পরীক্ষা করার কাজ শুরু করা হয়েছে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]