রাহাদ সুমন,বরিশাল:
বরিশালের বানারীপাড়ায় গাঁজা চাষের অভিযোগে মিলন (৫০) নামের একজনকে এবং গাঁজাসহ আটক হৃদয়কে (২৫) ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাড়িতে গাঁজা গাছ চাষের দায়ে বানারীপাড়া বন্দর বাজারের চা ও কনফেকশনারি ব্যবসায়ী মোঃ মিলন হোসেনকে আটক করা হয়। এসময় তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়। তাকে আটকে অভিযান পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম এ মুনীব।
তিনি তাৎক্ষনিক মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত)
পরিচালনা করে মিলনকে তিন মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড আদায় করেন। একই দিন দুপুরে বানারীপাড়া পৌরসভার মাহিন্দ্র-আলফা স্ট্যান্ড থেকে পিরোজপুর জেলার স্বরূপকাঠী ( নেছারাবাদ) উপজেলার কুনিয়ারী
গ্রামের রুহুল আমিনের ছেলে হৃদয় হাসানকে ৬ পুড়িয়া গাঁজাসহ আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
এ মোবাইল কোর্টও পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম এ মুনীব।
পরে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।