ইয়াছিন, চরফ্যাশন, ভোলা
প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাড়িতে আসা হাজারো মানুষ এখন কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এই যাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
পরিদর্শনকালে ঘাটে যাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরিবার-পরিজন নিয়ে কর্মস্থলে ফেরা যাত্রীদের মাঝে ছিল কিছুটা চাপ ও ব্যস্ততা। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে লঞ্চ যাত্রী, লঞ্চ মালিক এবং ঘাটের ইজারাদারদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার বিষয়ে মতামত গ্রহণ করেন।
বিশেষ করে অতিরিক্ত ভাড়া আদায় না করা, নির্ধারিত সময়সূচি মেনে লঞ্চ চলাচল নিশ্চিত করা এবং যাত্রীদের সঙ্গে ভালো আচরণ বজায় রাখার জন্য লঞ্চ মালিকদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এছাড়া অতিরিক্ত যাত্রী বোঝাই, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়। ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায়।
পরিদর্শনকালে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ, বাংলাদেশ নৌবাহিনীর একটি টিম এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তারা সম্মিলিতভাবে ঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নিয়মিত টহল ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। যাত্রীদের যেকোনো সমস্যা বা জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, প্রশাসনের এমন উদ্যোগ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।