​বুড়িচংয়ে এমপির মাদকবিরোধী অভিযানেও থামেনি বেচাকেনা, ঈদে গাঁজাসহ আটক ৩

আপলোড সময় : ২২-০৩-২০২৬ ০৮:২২:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৬ ০৮:২২:৪১ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) 

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় সংসদ সদস্যের মাদকবিরোধী অভিযানের পরও থামেনি মাদক বেচাকেনা।

ঈদের দিন রাতেই স্থানীয় যুবকদের উদ্যোগে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ঈদের দিন শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া গ্রামের মঞ্জুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের মাদকবিরোধী অভিযানে উদ্বুদ্ধ হয়ে এলাকার কিছু যুবক নিজ উদ্যোগে মাদকবিরোধী তৎপরতা শুরু করেন। 

ঈদের দিন সন্ধ্যা থেকেই তারা কোদালিয়া গ্রামে অবস্থান নিয়ে নজরদারি চালান। একপর্যায়ে মঞ্জুল আলমের বাড়িতে মাদক বেচাকেনার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

পরে বিষয়টি বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানকে জানানো হলে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। এরপর ঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর আগে যুবকদের কাছ থেকে উদ্ধার করা ৫ গ্রাম গাঁজাও জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক তিনজনের মধ্যে দুইজন মাদক বিক্রেতা এবং একজন ক্রেতা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আটককৃতরা হলেন— কোদালিয়া গ্রামের মৃত জজু মিয়ার ছেলে মঞ্জুল আলম (৪৫), আজ্ঞাপুর গ্রামের আব্দুর খালেক মিয়ার ছেলে ইব্রাহিম (৩২) এবং একই গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে এমাদুল (৩৫)।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, গাঁজাসহ আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]