আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অবৈধ মজুত রোধে অভিযান জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম সান্তাহার পৌর শহরের আনিকা ও হামীম ফিলিং স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ এবং বিদ্যমান মজুদের পরিমাণ সরেজমিনে যাচাই করেন। এ সময় পাম্পের দায়িত্বরতদের উদ্দেশ্যে তিনি কঠোরভাবে নির্দেশনা দেন, কোনো অবস্থাতেই জ্বালানি তেলের অবৈধ মজুত করা যাবে না। নিয়মিত সরবরাহ বজায় রাখা এবং স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনার জন্যও সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান,
বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি মজুত করা হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।