সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫ গ্রামের প্রায় ২৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লির ঈদ উদযাপন

আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৮:২০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৮:২০:০০ অপরাহ্ন

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীর ৩৫ গ্রামের প্রায় ২৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় পটুয়াখালী সদরের বদরপুর দরবার শরীফে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বদরপুর দরবার শরিফের মসজিদের ইমাম ও খতিব মাও. শফিকুল ইসলাম গণি।

স্থানীয়রা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক বছর ধরে এখানকার গ্রামবাসী একদিন আগে থেকে রোজা রাখা শুরু করেন এবং একদিন আগে ঈদ ও ঈদের নামাজ আদায় করেন। তারই ধারাবাহিকতায় একদিন আগে তারা ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন।

গলাচিপা উপজেলার জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজায়ী দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা ঈদ উদযাপন করেছেন। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  ঈদের নামাজ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে কোলাকুলি, মিষ্টি মুখ করার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, মৌডুবি, বাউফল উপজেলার মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুরসহ মোট ৩৫ গ্রামের ২৫ হাজার মানুষ ঈদুল ফিতর পালন করেছেন।
এরা সবাই হানাফি মাজহাব কাদেরিয়া তরিকাভুক্ত। 

বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শফিকুল আলম গনি বলেন, হাদিস ও কোরআনে বর্ণিত আছে, চাঁদ দেখার সংবাদ পেলেই যেন ঈদ পালন করা হয়। সেভাবেই আমরা ১৯২৮ সাল থেকে প্রতিবছর কোথাও চাঁদ দেখা গেলেই সহীহভাবে ঈদ পালন করে আসছি। আজকে ঈদের সালাতের মাধ্যমে আমরা মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করেছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]