আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন জেলার ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান ও প্রথম জামাত। জামাতে ইমামতি করেন চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।
একই দিনে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের আন্ডারচর জামে মসজিদ মাঠে সকাল ৯টায় আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
জানা যায়, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছেন। চাঁদ দেখার ভিত্তিতে তারা এই ধর্মীয় উৎসব পালন করেন।
এ ধারাবাহিকতায় মাদারীপুরের চর কালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, হোসনাবাদ, রঘুরামপুর, কেরানীরবাট, রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাটসহ জেলার অন্তত ২৫টি গ্রামের মানুষ এদিন ঈদ উৎসবে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা ও সুরেশ্বর দরবার শরীফের মুরিদ সাগর দেওয়ান জানান, পূর্বপুরুষদের প্রথা অনুসরণ করেই তারা প্রতিবছর রোজা ও ঈদ পালন করে আসছেন। এতে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক অংশগ্রহণ থাকে।