“নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আমার অহংকার”- এই মূলমন্ত্র বুকে ধারণ করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ সবধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও ধর্মীয় উৎসবে বিশেষ নিরাপত্তায় র্যাব নিবেদিত থাকে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব-১৩, রংপুরের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা ও ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে কাজ করছে।
এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১৩, রংপুর আসন্ন ঈদ-উল-ফিতরের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করতঃ রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি রোধে রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ণ মোড়ে একটি সাপোর্ট সেন্টার স্থাপন করেছে র্যাব-১৩, রংপুর। উক্ত সাপোর্ট সেন্টারে র্যাব-১৩ এর সদস্যরা সার্বক্ষণিক ঘরেফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে র্যাব-১৩ এর আওতাধীন এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। রংপুর , গাইবান্ধা, নীলফামারী , দিনাজপুরসহ রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে প্যাট্রোল ও সাদা পোশাকে একাধিক টীম নিয়োজিত রয়েছে। বিভিন্ন শপিংমল, বাস টার্মিনাল, রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় র্যাব-১৩ এর ফুট প্যাট্রোল চালু রয়েছে।
রংপুর বিভাগের বিভিন্ন জেলায় অনাকাঙ্খিত চুরি,ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধকল্পে এবং ঘরমুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন করে বেআইনী পণ্য ও বস্তুর পরিবহণরোধে বিভিন্ন যানবাহন তল্লাশী করা হচ্ছে। পুলিশের সাথে সমন্বয় করে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে র্যাব-১৩ এর সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তাছাড়া, বিভিন্ন শপিং মল এবং বাজারগুলোতে জাল টাকা বিস্তার রোধ ও শনাক্তকরণে র্যাব-১৩ এর সদস্যরা কাজ করছে। রংপুর বিভাগের বিভিন্ন জেলার বাজারগুলোতে অবৈধ মজুতদারী এবং পণ্যের মান নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করছে র্যাব-১৩। এর পাশাপাশি গুজব ও অপতথ্য রোধে সাইবার জগতের নজরদারিতে র্যাব-১৩,রংপুরের এর মনিটরিং টিম সদা তৎপর রয়েছে।
ভ্রমণকালে নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রেখে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ট্রেন যাত্রীদের প্রতি ট্রেনের ছাদে, বাফারে, পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে খাবার কিংবা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে।
সর্বোপরি ঈদকেন্দ্রিক ছুটিতে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে র্যাব সদস্যগণ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে নিয়োজিত থাকবে। ঈদের সময় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে র্যাব-১৩ এর কন্ট্রোল ০১৭৭৭৭১১৩৯৯-নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।