বাগেরহাটে আইজিপির বাসায় চুরি খবর সত্য নয় : এসপি

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৩:৪৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৩:৪৪:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ। বুধবার বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে ‘আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে’ বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাইবাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

প্রকৃত ঘটনা হলো গেল সোমবার (১৬ মার্চ) রাত ১১টার সময় ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়, পরবর্তীকালে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।

বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার (১৭ মার্চ) অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও চঞ্চল শেখ (৩৮)। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)র বাসভবনে চুরি সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

এদিকে আইজিপির নিকট আত্মীয় মিজান ফকির বলেন, ঝড়ের সময় ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার পড়ে যায়। পরে হয়তো কেউ নিয়ে গেছে। পুলিশ তার উদ্ধার করেছে। বাসার বিদ্যুৎসংযোগ সচল আছে। এ বিষয়টি নিয়ে আমরা পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]