দায়িত্ব গ্রহণ করলেন বরিশাল সিটি করপোরেশন প্রথম নারী প্রশাসক অ্যাড.শিরীন

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০১:১৪:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০১:১৪:২৩ পূর্বাহ্ন
 
রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক:
 
নিজ বাসা থেকে হেঁটে এসে বরিশাল সিটি করপোরেশনের  (বিসিসি) ইতিহাসে প্রথম নারী প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরীন। মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সুধী সমাবেশ করে বেলা ১২টায় বরিশাল অডিটোরিয়ামে সাবেক প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

সুধী সমাবেশে নতুন সিটি প্রশাসক শিরীন বলেন, আমি রাজপথে রাজনীতি করে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। আমি কোনো প্রশাসক বা শাসক হতে চাই না, আমি সেবক হতে চাই, সেবক হয়ে মানুষের কাছে যেতে চাই। এ সময় তিনি আরও বলেন, বরিশালকে  একটি সুন্দর ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার জন্য লালিত স্বপ্ন রয়েছে এখানকার বাসিন্দাদের। বরিশালকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, মাদকমুক্ত শহর হিসেবে সবাই যেমন দেখতে চায়, তেমনি একটি দুর্নীতিমুক্ত নগর ভবনও বরিশালবাসী দেখতে চায়। আমি আপনাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, সেরকম একটি শহর গড়ার আমি অঙ্গীকার ব্যক্ত করছি।
শিরীন বলেন, আমি আমার জীবনে সততার সঙ্গে রাজনীতি করেছি।

৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো অন্যায় আমাকে স্পর্শ করতে পারেনি, সুতরাং আমি আপনাদের সঙ্গে নিয়ে বরিশালবাসীর দীর্ঘদিনের স্বপ্নের শহর গড়তে চাই। ১২টি সিটি করপোরেশনের মধ্যে বরিশাল যেন মডেল সিটি করপোরেশন হতে পারে সেজন্য সহযোগিতা সবার কাছে চাচ্ছি।
তিনি বলেন, বরিশালকে সুন্দর করার জন্য আমাদের অনেক দায়িত্ব। আমাদের নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন সেটি আমি শতভাগ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।

আমাদের নেতা ও প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার দিয়েছেন, আর সেই মহতী উদ্যোগ দিয়েই আমি আমার কাজ শুরু করতে চাই। কারণ শহর পরিষ্কার থাকলে আমাদের মন পরিষ্কার থাকবে, আমাদের পরিবেশ পরিষ্কার থাকবে, আমাদের আলোবাতাস পরিষ্কার থাকবে, আমরা একটি সুন্দর বরিশাল তৈরি করতে পারব।

এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে আমাদের ভালো কাজ তুলে ধরবেন আপনারা, আমাদের ভুলও তুলে ধরবেন। অসৎ কিছু আমাদের মাঝে থাকলে তাও তুলে ধরবেন, কিন্তু ভুল তথ্য দেবেন না, এটা আমার অনুরোধ।

বক্তব্যের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের স্মরণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনগণ ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]