নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০২:৩৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০২:৩৫:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নাটোর শহরের কান্দিভিটুয়ার কদমতলা মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা আবুল কালাম আজাদ (৪৮) নিহত এবং ছেলে কাউসার মাহমুদ (২৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় কদমতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে আবুল কালাম আজাদের ছেলে কাউছার মাহমুদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে সোমবার গভীর রাতে প্রতিপক্ষ আলামিন, হামজা, রহিম ও তার ছেলেরাসহ ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলে কাউছার মাহমুদের ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে বাবা আবুল কালাম আজাদ ও ছেলে কাউছার মাহমুদ গুরুতর জখম হন।

পরিবার ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে বাবার মৃত্যু হয়। এসময় ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]