মোঃ রুহুল আমিন রাসেল
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মামুন ইসলাম (২২) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রংপুর নগরীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মামুন ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকার মৃত শামছুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মামুন দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা গত ১ মার্চ হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি মামুন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আসামি মামুন ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।