অভয়নগরে ১২ ককটেলসহ সন্ত্রাসী সুলতান আটক

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৫:৪০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৫:৪০:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে ১২টি ককটেলসহ সুলতান গাজী (৩৬) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‌্যাব-৬)। সোমবার রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সুলতান গাজী নাউলী গ্রামের গফ্ফার গাজীর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের নেতা গোফরানের ঘনিষ্ঠ সহযোগী।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে নাউলী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সুলতান গাজীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী প্রতিবেশী এক চাচার পরিত্যক্ত বাড়ি থেকে লাল টেপে মোড়ানো ১২টি ককটেল উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এটিএম ফজলে রাব্বী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের নেতা গোফরানের একটি নিজস্ব বাহিনী রয়েছে। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ওই বাহিনীর সদস্যরা জড়িত বলে অভিযোগ রয়েছে। সুলতান গাজী ওই বাহিনীর অন্যতম সদস্য বলে এলাকাবাসী দাবি করেছে।

এদিকে সুলতান গাজী আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা চরমপন্থি নেতা গোফরানসহ তার বাহিনীর অন্য সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, র‌্যাব-৬ এর অভিযানে নাউলী গ্রাম থেকে ১২টি ককটেলসহ সুলতান গাজী নামে এক ব্যক্তিকে আটক করার বিষয়টি তিনি শুনেছেন। তবে মধ্যরাত পর্যন্ত আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ককটেল থানায় হস্তান্তর করা হয়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com